আগুন ও বরফে জাকের আলী
![]() |
| আগুন ও বরফে জাকের আলী |
গত রাতটা তখনো সেভাবে গাঢ় হয়নি। সাড়ে ১০টার আশপাশ। হালকা শীতও পড়েছিল। কিন্তু ওম ছড়াচ্ছিল স্ক্রিন কিংবা টিভির পর্দা। চোখের গলি-উপগলি বেয়ে সেই ওম ছড়িয়ে পড়েছে হৃদয়ের নহরধারায়। সেটাও কিছুক্ষণের জন্য নয়, বাংলাদেশ সময় পরশু রাতে। ক্যারিবিয়ান সাগরপাড়ে গাঁইতি দিয়ে স্বরূপ বানাচ্ছিলেন এ দেশেরই এক ছেলে। স্যাবাইনা পার্কের পাথরশক্ত ২২ গজে দাঁড়িয়ে ছেলেটির গাঁইতির (ব্যাট) প্রতিটি আঘাত এ দেশে ছড়াচ্ছিল ওম। নরম বিছানায় কাঁথামুড়ি দেওয়া শরীর বেরিয়ে এসেছে আপনাই। কিংবা চাদরটা একঝটকায় গা থেকে সরিয়ে চোখে বিস্ময়ের রেখাচিত্র টেনে মনটা আনমনেই হয়তো বলেছে, একি দেখছি! ওই শ্বেতশুভ্র সাদায় যাকে এত দিন বেমানান ভেবে এসেছি, সে-ই কি না ওই পোশাকে এমন ভয়ালসুন্দর!
সুন্দরের একটা গরম-গরম গরিমা থাকে; তা নরম হয়ে এল বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ৫৯.৫ ওভারে। আলজারি জোসেফের বাউন্সার ব্যাটে ঠিকমতো লাগেনি। তাই গাঁইতিতে (ব্যাট) জোরও পায়নি ছেলেটি। ডিপ মিড উইকেটে ক্যাচ। ওমের ছন্দভঙ্গের পর হা-হুতাশ করেছে গোটা বাংলাদেশই। এমন একটা ইনিংসের সেঞ্চুরি পাওনা ছিল! ক্যারিবীয় ধারাভাষ্যকারেরা তাকালেন আরও গভীরে। ছেলেটি ৬০ পেরোনোর পরই কেউ কেউ বলছিলেন, সেঞ্চুরির চেয়েও গুরুত্বপূর্ণ ইনিংস। ৯১-এ আউট হওয়ার পর তবে কি দ্বিশতকের চেয়েও গুরুত্বপূর্ণ? সে প্রশ্নের উত্তরে আমরা পরে আসব। ছেলেটি মাথা নিচু করে ড্রেসিংরুমে ফেরার সময় উঠে দাঁড়াল স্যাবাইনা পার্কের গ্যালারি। ক্যারিবিয়ান ক্রিকেট পডকাস্টের এক্স হ্যান্ডলে লেখা হলো, ‘...যেন বাংলাদেশের সেরা সময়ের ব্রায়ান লারা।
লারা? ‘প্রিন্স অব ত্রিনিদাদ’ ব্যাটিংয়ের সৌন্দর্যে অনেকের কাছেই শেষ কথা। কিন্তু কাল যে ছেলেটির (নামটা আপনি জানেন, শূন্যস্থানে তাই সংগত কারণেই না বলা) সঙ্গে স্বয়ং ক্যারিবিয়ান সাগরপাড়ের লোকেরাই লারার তুলনা করলেন, সে তো বাধ্য হয়েই। নইলে প্রতিটি বল খেলার আগে যে ছেলেটি বড় বড় চোখে তাকায় বোলারের দিকে, ছটফটানিয়া মন্ত্রে শাফল করে সরে আসে, তারপর বলটা খেলেই শরীর কেমন এক ঝটকা মারে—তার সঙ্গে সৌন্দর্যে অন্তত লারার তুলনা স্রেফ বাড়াবাড়ি। কিন্তু কার্যকারিতায়? সময়ের প্রয়োজনে রুখে দাঁড়ানোয়?
এতটুকু কম সে নয়! অন্তত কালকের ইনিংস বিবেচনায়। বলা হয়, ক্রিকেট ইজ আ গ্রেট লেভেলার—যে ছেলেটিকে এত দিন আমরা অনেকেই টেস্টের জন্য নয় বলে কটূক্তি করেছি, সে-ই কাল অমন একটি ইনিংস খেলে যে সম্মানটা আদায় করে নিল, তাকে আপনি কী বলবেন?

0 মন্তব্যসমূহ