ভাত নিয়ে ঘরে ঢুকে ছেলে দেখলেন বাবার গলাকাটা লাশ
![]() |
| অসরপ্রাপ্ত সেনা সদস্যকে কুপিয়ে হত্যার ঘটনায় স্বজনদের আহাজারি। ছবি : কালবেলা |
ঝালকাঠিতে অবসরপ্রাপ্ত এক সেনাসদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৮ মার্চ) বিকেলে সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের স্বল্পসেনা গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত দেলোয়ার হোসেন মৃধা (৬৫) সেনাবাহিনী থেকে অবসরে যান ১৯৯৯ সালে। তিনি ওই এলাকার মৃত শফিক উদ্দিন মৃধার ছেলে।
ঝালকাঠির পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় কালবেলাকে তথ্যটি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেলোয়ারের পরিবারের অন্য সদস্যরা ঝালকাঠি শহরে বসবাস করেন। তিনি গ্রামের বাড়িতে কাজ করানোর জন্য থাকতেন। বিকেলে তার ছেলে বাবু মৃধা ভাত নিয়ে এলে ঘরের ভিতর গলাকাটা মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে।
স্থানীয়রা আরও জানান, সোহরাব হোসেন (৪০) নামে একজন তার বাড়িতে আসছিলেন। তিনি একজন মাদকাসক্ত। দেলোয়ার হোসেনের কাছে বাঁশ বিক্রির পাঁচ হাজার টাকা ছিল। ওই টাকা নেওয়ার জন্য তিনি এসব ঘটনা ঘটাতে পারেন। তাকে আটক করে পুলিশে হস্তান্তর করা হয়েছে।
ঝালকাঠি পুলিশ সুপার উজ্জল কুমার রায় বলেন, অসরপ্রাপ্ত সেনাসদস্যকে কুপিয়ে হত্যার ঘটনায় একজনকে সন্দেহজনকভাবে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে পাঁচ হাজারের বেশি কিছু টাকা ও মোবাইল জব্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
#গলাকাটা মরদেহ উদ্ধার #অবসরপ্রাপ্ত সেনা সদস্য #ঝালকাঠি

0 মন্তব্যসমূহ